ভোল্টি সেবা চালু করলো গ্রামীণফোন

২০ জুন, ২০২০ ২১:৪৪  
রবি’র পর এবার দেশজুড়ে ভোল্টি (ভয়েস ওভার এলটিই) সেবা চালু করলো গ্রামীণফোন। ভোল্টি সমর্থনযোগ্য হ্যান্ডসেট, ফোরজি সিম এবং কাভারেজ থাকলেই এই এলটিই নেটওয়ার্ক সুবিধা পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা। নতুন সেবা চালু বিষয়ে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘গ্রামীণফোন গ্রাহকরা নিয়মিত কলরেটে এ সুবিধা উপভোগ করতে পারবেন।’ তিনি জানিয়েছেন, গ্রামীণফোনের ওয়েবসাইটে ভোল্টি সমর্থনযোগ্য হ্যান্ডসেটের তালিকা দেয়া আছে এবং নতুন হ্যান্ডসেট এ নেটওয়ার্কে আপডেট হলে সে অনুযায়ী ওয়েবসাইটের তথ্যও হালনাগাদ করা হবে। গ্রাহকের কাছে ফোরজি সিম, ফোরজি কাভারেজ এবং প্রয়োজনীয় সেটিংস সহ ভোল্টি হ্যান্ডসেট (গ্রামীণফোনের ওয়েবসাইটে তালিকাভুক্ত) থাকলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোল্টি সেবা উপভোগ করতে পারবেন। ভোন্টি প্রযুক্তি সেবার মাধ্যমে কলের ক্ষেত্রে দু’জন গ্রাহক ৫০ শতাংশ দ্রুততর কল সংযোগ সময় এবং এইচডি মানসম্পন্ন ভয়েস কলের অভিজ্ঞতা লাভ করে থাকেন।